
ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসক ডা. আশিকুর রহমান ও ডা. আব্দুল হান্নানের ক্লিনিকে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ভেটেরিনারি ছাত্র সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষার্থী আজহারুল ইসলাম বলেন, ‘একজন প্রাণিচিকিৎসকের ওপর যেভাবে অতর্কিত হামলা করা হয়েছে, আমরা সাধারণ শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা জানাই। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের আহ্বান, ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে যথাযথভাবে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো ভেটেরিনারি চিকিৎসক এমন হামলার শিকার না হন, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক এবং ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বলেন, ‘সম্প্রতি ময়মনসিংহে দুইজন ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। আমরা ইতোমধ্যে এ ঘটনায় একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানতে পেরেছি। তবে আরও একজনকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমরা আশাবাদী, অতি দ্রুত তাকেও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।’
মানববন্ধনে ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘ভেটেরিনারি পেশা কোনো ব্যক্তির ব্যক্তিগত পেশা নয়; এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পেশা হিসেবে সারা পৃথিবীতে পরিচালিত হচ্ছে। ভেটেরিনারিয়ানদের অক্লান্ত পরিশ্রম ও গবেষণার ফলে আমরা বাজারে আমিষ ও প্রোটিনজাতীয় খাদ্যের পর্যাপ্ত সরবরাহ পাই। সেই ভেটেরিনারিয়ানদের ওপর যেভাবে পরিকল্পিতভাবে হামলা ও লাঞ্ছনা করা হয়েছে, তা ছিল একটি বর্বরতম ঘটনা।’
তিনি আরও বলেন, ‘একটি লাইভ ভিডিওর মাধ্যমে পুরো পৃথিবী এই বর্বরতম দৃশ্য দেখেছে। আমরা আজ এখানে দাঁড়িয়েছি আমাদের সম্মান ও অধিকারের জন্য। এ ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যেন এমন ঘটনা ঘটানোর আগে অপরাধীরা একবার চিন্তা করে—ভেটেরিনারিয়ানরা দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং ভেট এক্সিকিউটিভ, রাজশাহী শাখার সদস্যরা।