ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মারামারি-চাঁদাবাজি ছাত্রসংগঠনের কাজ নয়: শিবির সভাপতি

মারামারি-চাঁদাবাজি ছাত্রসংগঠনের কাজ নয়: শিবির সভাপতি

ছাত্ররাজনীতিকে মারামারি, চাঁদাবাজি ও দখলবাজির বাইরে এনে শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, ছাত্রসংগঠনের কাজ চাঁদাবাজি করা নয়; বরং শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজন ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কাজ করা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রংপুরের কামাল কাছনা এলাকার গুঞ্জন মোড়ের রূপকথা থিম পার্ক ও কনভেনশন হলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৮তম আবর্তনের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আমরা রাজনীতির ধারা পাল্টে দিতে চাই। বাংলাদেশে চাঁদাবাজি কখনো ছাত্রদের কাজ হতে পারে না। আমরা শিক্ষার্থীবান্ধব ওয়েলফেয়ার পলিটিক্স করছি।’

তিনি বলেন, ‘আইইএলটিএস কোর্স, হেলথ ক্যাম্প, উইন্টার ক্যাম্প, সাহিত্যচর্চা ও রিসার্চ ওয়ার্কশপসহ নানা ধরনের কর্মসূচি করছি। শিক্ষার্থীদের নিয়ে চাকরির তথ্যও শেয়ার করছি।’

শিবির সভাপতি আরও বলেন, ‘এরপর আমাদের বলা হয়, ছাত্রসংগঠনের কাজ কি ওয়েলফেয়ার পলিটিক্স করা? তারা মনে করে মারামারি, চাঁদাবাজি ও দখলবাজিই ছাত্রসংগঠনের কাজ।’

শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল নিয়েও কথা বলেন নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সিজিপিএকে গুরুত্ব না দেওয়ার ধারণা ভুল। সিজিপিএ ৩.৫-এর ওপরে রাখতে পারলে বিশ্বের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরি হতে পারে।

তিনি বলেন, ‘অনেকে বলেন বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ কোনো বিষয় নয়। এটি মারাত্মক ভুল কথা। সিজিপিএ অন্তত ৩.৫-এর ওপরে রাখতে পারলে পৃথিবীর অনেক জায়গায় শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরি হয়। অক্সফোর্ড কিংবা ক্যামব্রিজে গেলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের কাছে একই। কারণ দুটির কোনোটিই এক হাজার র‍্যাংকিংয়ের মধ্যে নেই।’

অনুষ্ঠানে বেরোবি শিবির সভাপতি রাকিব মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর শিবিরের সভাপতি আনিসুর রহমান, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শাহ হোসাইন আহমদ মেহেদী।

শিবির সভাপতি,ছাত্রসংগঠন,মারামারি-চাঁদাবাজি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত