ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

মিঠুন চক্রবর্তীর মুকুটে নতুন পালক

মিঠুন চক্রবর্তীর মুকুটে নতুন পালক

বলিউডে নিজের অভিনয় প্রতিভা দিয়ে আলাদা অবস্থান তৈরি করেছেন মিঠুন চক্রবর্তী। সাধারণ জীবন থেকে উঠে এসে হয়েছেন সুপারস্টার। অভিনয়ের পাশাপাশি রাজনীতির অঙ্গনেও পরিচিত মুখ তিনি। এবার এই অভিনেতার অর্জনের মুকুটে যুক্ত হতে যাচ্ছে নতুন পালক। ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি পেতে চলেছেন মিঠুন চক্রবর্তী।

আগামী ৯ ডিসেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ অডিটোরিয়াম হলে আয়োজিত এই অনুষ্ঠানে মিঠুনের হাতে তুলে দেওয়া হবে সম্মানসূচক এই ডিগ্রি।

বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আচার্য আরএন রবি। তবে শুধু মিঠুন চক্রবর্তী নন, বিজ্ঞান ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আরও দুজন বিশিষ্ট ব্যক্তিকে একই অনুষ্ঠানে ডি লিট সম্মান দেওয়া হবে। তারা হলেন অধ্যাপক জি পার্থ সারথি ও অধ্যাপক ভূপেন্দ্রনাথ গোস্বামী।

এর আগে ২০২৪ সালে ভারতের অন্যতম বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন মিঠুন চক্রবর্তী। একই বছর ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারেও সম্মানিত হন তিনি। এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নতুন এই স্বীকৃতি পেতে যাচ্ছেন ‘মহাগুরু’খ্যাত অভিনেতা।

এদিকে বর্তমানে রাজনীতির কাজে বেশ ব্যস্ত সময় পার করছেন মিঠুন। তবে সম্প্রতি ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ ছবির শেষ অংশে অভিনয় করতে দেখা গেছে তাকে। ধারণা করা হচ্ছে, সিরিজটির পরবর্তী পর্বেও দেখা যেতে পারে এই অভিনেতাকে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মিঠুন কিংবা ছবির নির্মাতারা।

অভিনয়জীবনে একের পর এক সাফল্য ও স্বীকৃতি অর্জনের পর এবার সম্মানসূচক ডি লিট ডিগ্রি পেতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী। তার এই অর্জন ক্যারিয়ারে যোগ করতে যাচ্ছে নতুন এক স্বীকৃতি।

নতুন পালক,মুকুটে,মিঠুন চক্রবর্তী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত