অনলাইন সংস্করণ
১৫:৫৫, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
মুম্বাইয়ের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ স্থানে এবার উন্মোচিত হতে যাচ্ছে নতুন সিনেমার ট্রেলার। ২৬/১১ সন্ত্রাসী হামলার অন্যতম ঘটনাস্থল ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে (সিএসএমটি) প্রথমবারের মতো হতে যাচ্ছে পূর্ণাঙ্গ চলচ্চিত্র প্রচারণা অনুষ্ঠান। সিএসএমটি মুম্বাইয়ের অন্যতম ব্যস্ত রেলস্টেশন।
বলিউড হাঙ্গামা থেকে জানা যায় আগামী ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সেখানেই মুক্তি পাবে রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকাম’-এর ট্রেলার। ম্যাডক ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই কোর্টরুম ড্রামার পরিচালক অবিনাশ অরুণ। অনুষ্ঠানে রাজকুমার রাওয়ের পাশাপাশি অভিনেত্রী ওয়ামিকা গাব্বি, প্রযোজক দীনেশ ভিজান, আইনজীবী উজ্জ্বল নিকাম এবং পরিচালক অবিনাশ অরুণের উপস্থিত থাকার কথা রয়েছে। সিনেমাটির গল্পের সঙ্গে ট্রেলার লঞ্চের স্থানটির রয়েছে গভীর সম্পর্ক।
‘প্রহার’-এ ভারতের আলোচিত সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকামের জীবনের গুরুত্বপূর্ণ কিছু আইনি লড়াই তুলে ধরা হয়েছে। বিশেষ গুরুত্ব পেয়েছে ২০০৮ সালের ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলা এবং সেই ঘটনায় অভিযুক্ত আজমল কাসাবের বিচার।
২০০৮ সালের ২৬ নভেম্বর রাতে সন্ত্রাসী হামলার অন্যতম লক্ষ্য ছিল সিএসএমটি। হামলার পর জীবিত অবস্থায় আটক হওয়া একমাত্র হামলাকারী আজমল কাসাবের বিচার হয় বিশেষ আদালতে। সেই মামলায় বিশেষ সরকারি কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করেন উজ্জ্বল নিকাম। আর সে কারণেই ২৬/১১-এর সেই স্মৃতিবিজড়িত স্থানেই ‘প্রহার’-এর ট্রেলার উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। এর আগে সিএসএমটিতে তারকাদের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম হলেও পূর্ণাঙ্গ সিনেমা ট্রেলার লঞ্চের আয়োজন হয়নি।
তবে সন্ধ্যার ব্যস্ত সময়ে অনুষ্ঠানটি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণ ও সাধারণ যাত্রীদের চলাচল স্বাভাবিক রাখাই এখন আয়োজক ও রেল কর্তৃপক্ষের বড় চ্যালেঞ্জ। ইতিহাসের সাক্ষী সেই স্টেশনেই ‘প্রহার’-এর ট্রেলার লঞ্চ ঘিরে দর্শকের মাঝে আগ্রহ দেখা যাচ্ছে। এবার দেখার পালা সিনেমাটির ট্রেলার ঝামেলা ছাড়াই এখানে দেখানো যায় কি না।