ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

অবশেষে ছোট মেয়েকে প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর

অবশেষে ছোট মেয়েকে প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের জীবনে ২০২৬ সালটি বিশেষ আনন্দের। দ্বিতীয় কন্যাসন্তানের আগমনে পরিবারে এসেছে নতুন সদস্য। এবার সেই মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি। একই সঙ্গে জানালেন তার নামও।

নবরাত্রির নবম দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয় মেয়ের ছবি প্রকাশ করেন রণবীর সিং। ছবিতে দেখা যায়, দীপিকার কোলে নবজাতক কন্যা। পাশে বড় মেয়ে দুয়া পাড়ুকোন সিং, যে আদর করছে ছোট বোনকে। আর দুই মেয়েকে ঘিরে হাসিমুখে রয়েছেন রণবীর। পরিবারের সদস্যদের পরনে সোনালি রঙের পোশাক।

ছবিটি প্রকাশ করে রণবীর ক্যাপশনে লেখেন, ‘ভালোবাসা ও প্রাচুর্যের… দেবী পাড়ুকোন সিং।’ এই পোস্টের মাধ্যমেই দ্বিতীয় কন্যার নাম প্রকাশ্যে আনলেন দীপিকা ও রণবীর। মেয়ের নাম রাখা হয়েছে দেবী পাড়ুকোন সিং।

দীপিকা ও রণবীরের প্রেমের শুরু ২০১৩ সালে। সঞ্জয় লীলা বানসালির ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় কাছাকাছি আসেন তারা। এরপর ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ ও ‘৮৩’-এর মতো সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন।

দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোতে বিয়ে করেন দীপিকা ও রণবীর। দীপিকার কোঙ্কনি ঐতিহ্যকে সম্মান জানিয়ে প্রথমে সেই রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে রণবীরের সিন্ধি ঐতিহ্য অনুসরণ করেও বিয়ের আয়োজন করেন তারা।

বিয়ের প্রায় ছয় বছর পর, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম কন্যাসন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের জন্মের খবর জানান এই দম্পতি। এরপর ২০২৬ সালের এপ্রিলে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকার কথা প্রকাশ্যে আনেন তারা। সেই ঘোষণাতেও ছিল বড় মেয়ে দুয়ার উপস্থিতি।

গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের সুখবর জানান দীপিকা ও রণবীর। তখন ছোট্ট একটি পায়ের ছাপের ছবি প্রকাশ করে নতুন অতিথির আগমনের কথা জানিয়েছিলেন তারা। এবার মেয়ের মুখ ও নাম প্রকাশের মধ্য দিয়ে পরিবারের নতুন সদস্যকে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তারকা দম্পতি।

দুই মেয়েকে নিয়ে দীপিকা ও রণবীরের এই পারিবারিক মুহূর্ত ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বড় মেয়ে দুয়ার সঙ্গে ছোট বোনের মিষ্টি মুহূর্ত আর পরিবারের সবার হাসিমুখের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে।

দীপিকা-রণবীর,ছোট মেয়ে,প্রকাশ্যে আনলেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত