অনলাইন সংস্করণ
১৭:৩২, ০৪ নভেম্বর, ২০২৬
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর প্রাণভোমরা জ্যাক স্প্যারো। চরিত্রটি ছাড়া যেন জলদস্যুদের গল্পটি অসম্পূর্ণ থেকে যায়। এ অবতারে প্রত্যেকবারই মন ভরিয়েছেন হলিউড তারকা জনি ডেপ। শেষবারের মতো জ্যাক স্প্যারো হচ্ছেন তিনি। সম্প্রতি খবরটি অভিনেতা নিজেই জানিয়েছেন।
নিজের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘এবেনেজার’-এর প্রচারণায় ঘাম ঝরাচ্ছেন জনি। অংশ নিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে। সে উদ্দেশ্যে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান তিনি আবারও ফিরতে চান জ্যাক স্প্যারো চরিত্রে। মূলত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অব ক্যারিবিয়ানের সুন্দর সমাপ্তির জন্যই এই ফেরা।
তিনি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিটি কীভাবে শেষ হবে, সে বিষয়ে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে আমি শুধু গল্পটির একটি সুন্দর সমাপ্তি দেওয়ার জন্যই এতে যুক্ত হতে চাই। জেরির যেকোনো কাজে আমি যেকোনো মুহূর্তে যোগ দিতে রাজি। কারণ, তাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি। আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে।’
এদিকে জনি ডেপের আগে জ্যাক স্প্যারোর ফেরার খবর নিশ্চিত করেছিলেন প্রযোজক জেরি ব্রুকহেইমার। গেল বছর তিনি জানিয়েছিলেন জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তার। তিনি আশ্বাস দিয়েছেন। জানিয়েছেন চিত্রনাট্য পছন্দ হলে আবারও জ্যাক স্প্যারো হবেন তিনি। চিত্রনাট্য নিয়ে তিনি জানান, শেষ অংশ চমৎকার হয়েছে। এখন মেরামত চলছে প্রথম ও দ্বিতীয়াংশের।
জনি ডেপ প্রথম জ্যাক স্প্যারোরূপে ধরা দেন ২০০৩ সালে। সে বছর মুক্তিপ্রাপ্ত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এ চরিত্রটিতে দেখা যায় তাকে। এরপর ২০১৭ সাল পর্যন্ত সিরিজটির আরও ৪টি সিনেমা মুক্তি পায়। প্রত্যেকটিতে একইসঙ্গে ভয়ংকর ও হাস্যরসাত্মক চরিত্রটিতে দেখা যায় তাকে। সব ঠিক থাকলে এবার অভিনেতাকে শেষবারের মতো দেখা যাবে চরিত্রটিতে।