অনলাইন সংস্করণ
১৭:৪৫, ০৫ জুন, ২০২৬
দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে এবং এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১১ শিশু।
শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুই হামের উপসর্গে ভুগছিল। একই সময়ে ২৪৩ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে নতুন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯১ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৫১৯ শিশু।
এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৭৬ জনে। নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৫০৩ জন।
পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তদের মধ্যে ৬২ হাজার ২৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫৮ হাজার ১৫৪ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রোগটির বিস্তার ঠেকাতে টিকাদান কার্যক্রম জোরদারের পাশাপাশি শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা প্রয়োজন।