
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত সাময়িক যুদ্ধবিরতিতে লেবাননকে যুক্ত করার দাবি জানিয়েছে রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক ফোনালাপে এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন।
ফোনালাপের বিষয়ে মন্ত্রণালয় উল্লেখ করেছে, ‘মস্কো দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই চুক্তির একটি আঞ্চলিক মাত্রা রয়েছে এবং বিশেষত এটি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য।’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক পৃথক বিবৃতিতে লেবাননে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘ইসরায়েলের এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বর্তমানে শুরু হওয়া আলোচনা প্রক্রিয়াকে নস্যাৎ করার হুমকি তৈরি করছে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হলেও ইসরায়েল দাবি করেছে যে লেবানন এই চুক্তির অন্তর্ভুক্ত নয়। এরপর থেকেই লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ইরান হুমকি দিয়েছে লেবাননে হামলা অব্যাহত থাকলে তারা যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যেতে পারে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
আবা/এসআর/২৬