
টানা ২১ ঘণ্টার আলোচনা সত্ত্বেও ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তিনি আরও জানান, মার্কিন প্রতিনিধিদল এখন পাকিস্তান ছাড়ার পরিকল্পনা করছে।
রোববার (১২ এপ্রিল) ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদলের সরাসরি আলোচনা দ্বিতীয় দিনে গড়ায়।
ভ্যান্স বলেন, আমরা ২১ ঘণ্টা ধরে আলোচনা করছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও করেছি, এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র নমনীয় মনোভাব এবং ‘সৎ উদ্দেশ্য নিয়েই’ আলোচনায় এসেছিল, কিন্তু দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারায় বিষয়টি দুর্ভাগ্যজনক।
যুক্তরাষ্ট্র একটি “চূড়ান্ত ও সর্বোত্তম” প্রস্তাব ইরানের কাছে তুলে ধরেছে বলেও উল্লেখ করেন ভ্যান্স। “আমরা এখান থেকে একটি অত্যন্ত সহজ প্রস্তাব নিয়ে যাচ্ছি, বোঝাপড়ার পদ্ধতি, যা আমাদের চূড়ান্ত এবং সর্বোত্তম প্রস্তাব। দেখা যাক, ইরানিরা সেটি গ্রহণ করে কি না,” বলেন তিনি।
আলোচনার ক্ষেত্রে মার্কিন দৃষ্টিভঙ্গি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আমার মনে হয় আমরা বেশ নমনীয় ছিলাম, আমরা বেশ মানিয়ে চলার মানসিকতায় ছিলাম।
আলোচনায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে তিনি দেশটির প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শাল মুনিরের প্রতি কৃতজ্ঞতা জানান। ভ্যান্স বলেন, আলোচনার যে কোনো ত্রুটি-বিচ্যুতির জন্য পাকিস্তানিরা দায়ী নয়, কারণ তারা অসাধারণ কাজ করেছে।
এ সময় তিনি আরও জানান, আলোচনা চলাকালে তিনি একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। “আমি জানি না আমরা তার সঙ্গে কতবার কথা বলেছি, গত ২১ ঘণ্টায় হয়তো ছয়বার বা বারোবার,” বলেন তিনি।
সংবাদ সম্মেলনে ভ্যান্সের সঙ্গে উপস্থিত ছিলেন ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, যারা ইরানের সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী মার্কিন প্রতিনিধিদলের সদস্য ছিলেন।।
সূত্র : বিবিসি