
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো এক শান্তি চুক্তির অংশ হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে রাখতে চায় রাশিয়া। সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার আছে রাশিয়ায়। এর আগেও দেশটি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের ভূখণ্ডে রাখার প্রস্তাব দিয়েছে।
সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনার সময় প্রস্তাবটি দিয়েছিলেন। সেটি এখনো বহাল। তবে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এর আগে রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে আলাপ করেন ভ্লাদিমির পুতিন। তখন তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতার প্রচেষ্টায় সহায়তা করতে নিজের প্রস্তুতির কথা জানান। পাকিস্তানের ইসলামাবাদে সংলাপ ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে পুতিন এমন প্রস্তাবের কথা উল্লেখ করেন।
এদিকে আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তি ও সংঘাত স্থায়ীভাবে বন্ধের সম্ভাবনা ফিকে হয়ে গেছে। হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ছে। জাহাজ চলাচলও স্থবির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ-অবরোধের হুমকির সমালোচনা করে দিমিত্রি পেশকভ বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলতেই থাকবে।
আবা/এসআর/২৬