
ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গতকাল সোমবার মস্কোর ক্রেমলিনে (রুশ প্রেসিডেন্টের দপ্তর) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনার পরই এই প্রস্তাব দিয়েছেন পুতিন। তিনি উল্লেখ করেন, এর আগেও রাশিয়া এ ধরনের প্রস্তাব দিয়েছিল।
এছাড়া, গত রোববার পুতিনের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিভিন্ন তথ্য সম্পর্কে পুতিনকে অবহিত করেন পেজেশকিয়ান।
পেসকভ আরও জানান, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় যেকোনো রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন।
আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতা প্রায় ৬০ শতাংশ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) বলছে, এই বিশুদ্ধতা ৯০ শতাংশে উন্নীত হলে তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব।
তবে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। দেশটির এই কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ চলছে। এই বিরোধের জেরেই ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে সামরিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল।
এদিকে, চলতি বছরের মার্চের শুরুতে ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবনার একটি শর্তে বলা হয়— ইরানকে তাদের ইউরেনিয়াম হয় ধ্বংস করতে হবে, নয়তো অন্যত্র সরিয়ে নিতে হবে।
সূত্র : এএফপি, ফার্স্টনিউজ