ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

ইসরায়েলের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভেরোনায় এক অনুষ্ঠানের ফাঁকে এ সিদ্ধান্তের কথা জানান দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম আদান-প্রদান এবং প্রতিরক্ষা প্রযুক্তি-সংক্রান্ত গবেষণা কার্যক্রম চলত।

ইতালির সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা—বিশেষ করে ইরান-ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধ এবং লেবানন সীমান্তে ক্রমবর্ধমান অস্থিরতার কারণে ইতালি তার এই দীর্ঘদিনের সামরিক অংশীদারত্ব থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইসরায়েলের সামরিক কার্যক্রমের সমালোচনা করে আসছিলেন মেলোনি। বিশেষ করে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (ইউনিফিল) নিয়োজিত ইতালীয় সেনাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

প্রতিরক্ষা চুক্তি স্থগিতের এই সিদ্ধান্তকে ইসরায়েলের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে ইতালি স্পষ্ট করে দিল যে, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তারা ইসরায়েলকে সামরিক বা প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখতে আগ্রহী নয়।

সূত্র: আল অ্যারাবিয়া

ইসরায়েল,ইতালি,প্রতিরক্ষা চুক্তি,স্থগিত,জর্জিয়া মেলোনি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত