অনলাইন সংস্করণ
২০:৪৭, ২৩ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারত মহাসাগরে অভিযান চালিয়ে ইরান থেকে তেল পরিবহনকারী একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।
বিবৃতিতে জানানো হয়, ভারত মহাসাগরে অভিযান চালিয়ে ইরান থেকে তেল বহনকারী রাষ্ট্রহীন একটি জাহাজ—‘এম/টি ম্যাজেস্টিক’—এ তল্লাশি ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জাহাজটির কোনো স্বীকৃত জাতীয়তা নেই বলেও উল্লেখ করা হয়।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ আরও জানায়, ইরানকে বস্তুগত সহায়তা দিচ্ছে—এমন সন্দেহভাজন জাহাজগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
হরমুজ প্রণালিতে অবরোধ শুরুর পর থেকে ইতোমধ্যে ডজনখানেক জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। তবে এসব জাহাজ ইরানের নিকটবর্তী এলাকায় নয়, বরং ভারত মহাসাগরের আরও দূরবর্তী অঞ্চলে জব্দ করা হচ্ছে।
এর আগে, গত ২১ এপ্রিল ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ‘এম/টি টিফানি’ নামের আরেকটি জাহাজ জব্দ করা হয়। এর দুই দিনের মাথায় নতুন করে আরেকটি জাহাজ জব্দের তথ্য জানানো হলো।
একই বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, ইরানের জন্য বস্তুগত সহায়তা প্রদানকারী এবং অবৈধ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত যেকোনো নিষিদ্ধ জাহাজকে যেখানে পাওয়া যাবে, সেখানেই তা প্রতিহত করতে তাদের সামুদ্রিক আইন প্রয়োগ কার্যক্রম চলমান থাকবে।