ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

যুদ্ধ বন্ধে নতুন ৩ ধাপের প্রস্তাব ইরানের

যুদ্ধ বন্ধে নতুন ৩ ধাপের প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অবসানে তিন ধাপের একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় আগ্রহী হয়, তবে এই প্রস্তাবের ভিত্তিতেই সংলাপ এগোতে পারে।

মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ইরানের প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে ইরান ও লেবাননে কোনো আগ্রাসী হামলা চালানো হবে না— এমন নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে।

দ্বিতীয় ধাপে, প্রথম পর্যায়ের শর্ত পূরণ হলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালী পরিচালনা, ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা শুরু হবে।

তৃতীয় ধাপে, আগের দুই পর্যায়ে সংশ্লিষ্ট সব পক্ষ সমঝোতায় পৌঁছালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার কথা বলা হয়েছে।

এদিকে ইরানের প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া জানতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস হোয়াইট হাউস–এর সঙ্গে যোগাযোগ করলে মুখপাত্র অলিভিয়া ওয়ালেস জানান, বিষয়টি সংবেদনশীল কূটনৈতিক আলোচনার অন্তর্ভুক্ত, যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমে এ ব্যাপারে আলোচনা করবে না। তিনি বলেন, আমাদের প্রেসিডেন্ট যেমনটা বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে এখনও কার্ড আছে এবং আমরা কেবল এমন একটি চুক্তিতেই রাজি হবো— যা মার্কিন জনগণকে অগ্রাধিকার দেবে এবং ইরানকে কখনও পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেবে না।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হলেও ২১ ঘণ্টার আলোচনার পরও কোনো সমঝোতা হয়নি এবং প্রতিনিধিরা কোনো চুক্তি স্বাক্ষর না করেই ফিরে যান। এরপর যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফা সংলাপে আসার আমন্ত্রণ জানায় পাকিস্তানসহ বিভিন্ন দেশ।

তবে পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি গত কয়েক দিনে একাধিকবার পাকিস্তান সফরে গেলেও, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয়বার সরাসরি সংলাপে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনিও তার প্রতিনিধি দলকে ফের ‘১৮ ঘণ্টার ফ্লাইটে’ পাঠাতে আগ্রহী নন এবং এখন থেকে ফোনের মাধ্যমেই যাবতীয় আলাপ-আলোচনা হবে।

এই প্রেক্ষাপটেই নতুন প্রস্তাব সামনে আনল তেহরান। গতকাল রোববার এক সংক্ষিপ্ত সফরে পাকিস্তান এসেছিলেন আরাগচি, তার আগে তিনি গিয়েছিলেন হরমুজ প্রণালীর অপর তীরের দেশ ওমানে। পাকিস্তানে সংক্ষিপ্ত সফর শেষ করে রাশিয়া গেছেন আরাগচি, যা এই কূটনৈতিক তৎপরতারই অংশ বলে মনে করা হচ্ছে।

সূত্র : এএফপি, এনডিটিভি অনলাইন

যুক্তরাষ্ট্র,ইসরায়েল,ইরান,যুদ্ধ,প্রস্তাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত