অনলাইন সংস্করণ
১১:৪০, ২৮ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানকে বড় ধরনের ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, তেহরান যদি তাদের বর্তমান অবস্থান থেকে মৌলিক পরিবর্তন না আনে, তবে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব হবে না।
তিনি আরও বলেন, ইরানের উচিত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। এ ধরনের নীতি পরিবর্তন দেশটির সাধারণ মানুষের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে কূটনৈতিক তৎপরতা চললেও আলোচনা অনেকটাই স্থবির হয়ে আছে। এমন উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যেই ফ্রান্সের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হলো।
অন্যদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র কার্যত চাপে রয়েছে। তার মতে, এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো স্পষ্ট পথ ওয়াশিংটনের সামনে নেই এবং সময়ের সঙ্গে সঙ্গে তেহরানই প্রাধান্য পাচ্ছে।
সোমবার জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, এ ধরনের সংঘাতে শুধু প্রবেশ করাই নয়, বের হওয়ার কৌশলও থাকতে হয়। আফগানিস্তান ও ইরাকের অভিজ্ঞতার উদাহরণ টেনে তিনি সতর্ক করেন, দীর্ঘমেয়াদি সংঘাত বড় ধরনের কৌশলগত সংকট তৈরি করতে পারে।
তিনি আরও দাবি করেন, ইরানের কর্মকর্তারা আলোচনায় দক্ষতার পরিচয় দিচ্ছেন এবং তাদের অবস্থান আগের ধারণার চেয়ে শক্তিশালী। তার মতে, বিশেষ করে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ভূমিকার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।