ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

পশ্চিমবঙ্গে ভোটগণনা শুরু, প্রাথমিক ফলে এগিয়ে বিজেপি

পশ্চিমবঙ্গে ভোটগণনা শুরু, প্রাথমিক ফলে এগিয়ে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। দুই দফার ভোটগ্রহণ শেষে সোমবার (৪ মে) সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গণনা কার্যক্রম শুরু হয়। শুরুতে ডাকযোগে দেওয়া ভোট গণনা করা হচ্ছে, এরপর ইলেকট্রনিক ভোটের হিসাব করা হবে।

গণনার শুরুতেই প্রাথমিক ফলাফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী ভারতীয় জনতা পার্টি-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্যে তৃণমূল ১০৬টি আসনে এগিয়ে থাকলেও বিজেপি এগিয়ে রয়েছে ১৫২টি আসনে।

রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ফলাফল আজ ঘোষণা করা হবে। ফলতা আসনে পুনরায় ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে।

ভোটগণনার জন্য রাজ্যজুড়ে ৭৭টি কেন্দ্রে ৪৫৮টি হলে গণনা চলছে। সবচেয়ে বেশি ধাপে গণনা হবে চুঁচুড়ায়, সেখানে ২৭ ধাপ পর্যন্ত ভোট গণনা করা হবে। অন্যদিকে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম ও বীজপুরে সবচেয়ে কম ধাপে গণনা হবে।

গণনা কার্যক্রম তদারকিতে ২৯৩ জন পর্যবেক্ষকের পাশাপাশি ১৬৫ জন অতিরিক্ত পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন। প্রতিটি কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রের বাইরে নির্দিষ্ট এলাকার মধ্যে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং ভেতরে নজরদারি জোরদার করা হয়েছে।

দুই দফায় অনুষ্ঠিত এ নির্বাচনে প্রথম দফায় ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে, দুই দফা মিলিয়ে রেকর্ডসংখ্যক ভোট পড়েছে—প্রথম দফায় ৯৩ দশমিক ১৯ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৯২ দশমিক ৬৭ শতাংশ।

ফলাফল পুরোপুরি প্রকাশের পরই পরিষ্কার হবে কে গঠন করবে সরকার। তবে প্রাথমিক ফলাফলের ভিত্তিতে দুপুরের মধ্যেই একটি ধারণা পাওয়া যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও কিছু আসনের ফলাফল পেতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

উল্লেখ্য, ২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ আসন। ফলে বর্তমান অবস্থায় বিজেপি এগিয়ে থাকলেও চূড়ান্ত ফলাফলের আগে পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এগিয়ে বিজেপি,প্রাথমিক ফল,ভোটগণনা শুরু,পশ্চিমবঙ্গ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত