ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

পশ্চিমবঙ্গে তৃণমূলের কার্যালয়ে হামলা-আগুনের অভিযোগ

পশ্চিমবঙ্গে তৃণমূলের কার্যালয়ে হামলা-আগুনের অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনার সময় বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস-এর দলীয় কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনার জন্য ভারতীয় জনতা পার্টি-এর কর্মী-সমর্থকদের দায়ী করেছে তৃণমূল।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বাঁকুড়ার কোতুলপুরে তৃণমূল কার্যালয়ের ছাদে উঠে প্রতিপক্ষের পতাকা লাগানোর ঘটনা ঘটেছে।

এছাড়া বরানগরের ১৫ নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। জামালপুরে শাসক দলের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাও সামনে এসেছে।

জামুড়িয়া বিধানসভার চুরুলিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চালানোর পর আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে বীজপুর ও নোয়াপাড়ায় তৃণমূল প্রার্থীদের ওপর হামলার কথাও জানিয়েছে দলটি।

এসব ঘটনার পর নির্বাচন কমিশন জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এক ভিডিও বার্তায় দলের নেত্রী মমতা ব্যানার্জি নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, গণনার সঙ্গে যুক্ত কেউ যেন কেন্দ্র ছেড়ে না যান এবং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করেন।

তিনি আরও অভিযোগ করেন, অনেক স্থানে গণনা প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে এবং ফলাফল প্রকাশে বিলম্ব করা হচ্ছে। তার দাবি, একাধিক আসনে এগিয়ে থাকা সত্ত্বেও তা প্রকাশ করা হচ্ছে না এবং ভ্রান্ত তথ্য ছড়ানো হচ্ছে।

ভয় না পেয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত তৃণমূলই জয়ী হবে।

হামলা-আগুনের অভিযোগ,কার্যালয়ে হামলা,পশ্চিমবঙ্গে তৃণমূল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত