ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনাকারী মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা’ হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, যেসব দেশের জাহাজ প্রণালীতে আটকে আছে তাদের অনুরোধে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের এই অভিযান চালানো হবে। যা সোমবার থেকেই শুরু হবে।

এই অভিযানে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ১৫ হাজার সামরিক কর্মী, ১০০টিরও বেশি স্থল ও সমুদ্রভিত্তিক বিমান এবং এর পাশাপাশি যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন করার কথা জানায়। একে ট্রাম্প প্রশাসনের কৌশলগত জলপথে ইরানের অবরোধ ভাঙার মরিয়া চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

তবে ইরান বরাবরের মতো হুঁশিয়ারি দেয়, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপকে ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ হিসেবে গণ্য করা হবে। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, ট্রাম্পের ‘বিভ্রান্তিকর পোস্ট’ দিয়ে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর পরিচালিত হবে না।

এরপর ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাতে সোমবার (৪ মে) বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, হরমুজ প্রণালীর জাস্ক বন্দরের কাছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

প্রতিবেদনে বলা হয়, জাহাজটি থামাতে ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) পক্ষ থেকে সতর্কতা দেয়া হয়েছিল। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করায় যুদ্ধজাহাজটিতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তবে মার্কিন বাহিনী এই নাকচ করে জানায়, তাদের কোনো জাহাজ হামলার শিকার হয়নি।

এরপর ফক্স নিউজের এক অনুষ্ঠানে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা’ হবে। সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আগের তুলনায় আমাদের কাছে এখন অনেক উন্নত মানের প্রচুর অস্ত্র ও গোলাবারুদ রয়েছে।

আবা/এসআর/২৬

ইরান,হুমকি,ট্রাম্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত