
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আরএন রবি। এর মধ্য দিয়ে মমতা বন্দোপাধ্যায়ের দীর্ঘ ১৫ বছরের অধ্যায়ের সমাপ্তি ঘটলো। ২০১১ সালে তিনি প্রথমবার মুখ্যমন্ত্রী হন। এরপর টানা তিনবার এ দায়িত্ব পালন করেছেন তিনি।
বৃহস্পতিবার রাজ্যপালের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিধানসভা ভেঙে দেওয়ার ঘোষণা আসে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারার খ উপধারায় দেওয়া ক্ষমতাবলে ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত করা হয়েছে।
বিধানসভার মেয়াদ শেষ হওয়া এবং সদ্য সমাপ্ত নির্বাচনের ফল প্রকাশের পর সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যেই এ সিদ্ধান্ত এলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর ফলে সাংবিধানিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের মেয়াদও কার্যত শেষ হয়ে গেল।
গত ৪ মে প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলে ২৯৪ আসনের মধ্যে ২০০টির বেশি আসনে জয় পায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মাধ্যমে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে এগিয়ে যায় দলটি। দীর্ঘদিন বামফ্রন্ট ও পরে তৃণমূলের দখলে থাকা রাজ্যটিতে বিজেপির এই উত্থান ভারতীয় রাজনীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনের ফল প্রকাশের পরও মমতা বন্দ্যোপাধ্যায় প্রথা অনুযায়ী রাজভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়। কেউ কেউ সাংবিধানিক জটিলতার আশঙ্কাও প্রকাশ করেন। তবে রাজ্যপালের সিদ্ধান্তের পর সেই অনিশ্চয়তার অবসান হয়েছে বলে মনে করা হচ্ছে। এখন নতুন মন্ত্রিসভা গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।
আবা/এসআর/২৬