ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পর নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে।

এর মধ্যে অন্যতম ছিল সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তজুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি বুঝিয়ে দেওয়া।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান প্রচারণার বিষয় ছিল সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো। দলটি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল, সীমান্ত ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে বাংলাদেশ থেকে অনেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং রাজনৈতিক স্বার্থে তাদের বসবাসের সুযোগ দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে বুঝিয়ে দেওয়া হবে। তিনি দাবি করেন, রাজ্যের জনতাত্ত্বিক চিত্র পরিবর্তিত হয়েছে।

তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট সীমান্তের দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই রয়েছে ২ হাজার ২১৬ কিলোমিটারের বেশি সীমান্ত।

গত মাসে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো ক্ষমতায় আসে বিজেপি। ৯ মে দলটির পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। পরে তিনি শপথ গ্রহণ করেন।

রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়েছে বিজেপি। দীর্ঘ ১৫ বছর তৃণমূল কংগ্রেসের কাছে ধারাবাহিকভাবে পরাজয়ের পর এবারই প্রথম বড় ধরনের বিজয় অর্জন করল দলটি।

৫৫ বছর বয়সী শুভেন্দু অধিকারী এই নির্বাচনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি তৃণমূলের সাবেক নেতা ছিলেন এবং এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভবানীপুর আসনেও জয় পেয়েছেন। সূত্র: এনডিটিভি

জমি দেবে পশ্চিমবঙ্গ,বিএসএফ,সীমান্তে বেড়া নির্মাণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত