ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

পিংক বাসের জন্য নারী চালক খুঁজছে বিআরটিসি

পিংক বাসের জন্য নারী চালক খুঁজছে বিআরটিসি

নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ঢাকায় চালু হওয়া বিশেষ মহিলা বাস সার্ভিস 'পিংক বাস'-এর জন্য নারী চালক নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি নাগরিকত্ব সনদ বা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।

প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে এবং উচ্চতা কমপক্ষে ৫ ফুট হতে হবে। একই সঙ্গে ভারী যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। বর্তমান ড্রাইভিং লাইসেন্স ভারী লাইসেন্সে রূপান্তরের সব শর্ত পূরণকারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বিআরটিসি জানিয়েছে, আগামী ৩০ আগস্ট, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে গাজীপুরে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে সশরীরে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় (গাড়ি চালনা) অংশ নিতে হবে। এ সময় জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে আনতে হবে।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের সাত দিন থেকে দুই মাস পর্যন্ত ভারী গাড়ি চালনার বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালে তাদের থাকা-খাওয়ার খরচ বহন করবে বিআরটিসি।

প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ হলে প্রচলিত প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুযায়ী দৈনিক মজুরিভিত্তিক চালক পদে নিয়োগ দেওয়া হবে। তবে চূড়ান্ত নিয়োগের আগে কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না।

এ ছাড়া ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণকারী এসব নারী চালক অগ্রাধিকার পাবেন।

নিয়োগসংক্রান্ত প্রয়োজনে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরের ম্যানেজার (ট্রেনিং)-এর সঙ্গে ০১৬১৯-৪৫৭২৪৫ নম্বরে (হোয়াটসঅ্যাপ) যোগাযোগ করা যাবে।

বিআরটিসি,নারী চালক,পিংক বাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত