
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয় মাঠে ৮টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'। রোববার বিকালে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনের খেলায় পৌরসভার দক্ষিণ পাড়া একাদশকে ১-০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে গুজিরকোনা একাদশ। দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টারের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
প্রথম দিনের খেলায় গুজিরকোনা একাদশ ও পৌরসভার দক্ষিণ পাড়া একাদশ মুখোমুখি হয়। খেলায় গুজিরকোনা একাদশ ১-০ গোলে জয়লাভ করে টুর্নামেন্টে সূচনা করে। অন্যদিকে, প্রথম ম্যাচে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ পাড়া একাদশ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সহসভাপতি এম. রফিকুল ইসলাম, ক্রীড়াবিষয়ক সম্পাদক রিয়াজুল করিম রিপন, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল ফকির, বাকলজোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার খলিফা, সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, পৌর যুবদলের সদস্যসচিব আল ইমরান, সম্রাট গনি প্রমুখ।