অনলাইন সংস্করণ
১৯:৫৮, ১০ ডিসেম্বর, ২০২৫
রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় মূল সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠির নলছিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা।
তিনি জানান, হত্যাকাণ্ডের পর আয়েশা ঝালকাঠি জেলার নলছিটিতে তার দাদা শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিল। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার, এডিসি ও এসির সরাসরি তত্ত্বাবধানে মামলার তদন্ত কর্মকর্তা শহিদুল ওসমান মাসুম এবং এসআই খোরশেদ আলম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।
এর আগে, গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে আলোচিত এই জোড়া হত্যাকাণ্ড ঘটে।
নিহত লায়লা আফরোজের (৪৮) স্বামী ও শিক্ষক আ জ ম আজিজুল ইসলাম তখন কর্মস্থলে ছিলেন। নিহতরা হলেন লায়লা আফরোজ এবং তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)।
জানা যায়, ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় তাদের। লায়লা আফরোজের শরীরে প্রায় ৩০টি এবং নাফিসার দেহে ৬টি গভীর ক্ষতের চিহ্ন পাওয়া যায়। শুরু থেকেই সন্দেহের কেন্দ্রে ছিলেন তাদের বাসায় মাত্র চার দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মী, যে নিজেকে আয়েশা পরিচয় দিয়েছিল।
হত্যাকাণ্ডের দিন বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় প্রবেশ করে এবং সকাল ৯টা ৩৫ মিনিটে নিহত নাফিসার স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়।
ঘটনার নৃশংসতায় পুলিশ শুরু থেকেই মনে করছিল, হয় এটি ‘প্রশিক্ষিত কিলার’ দ্বারা ঘটানো হয়েছে অথবা অতিরিক্ত ক্ষোভ থেকে আক্রমণ হতে পারে।