ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নীলসাগরের বগি লাইনচ্যুত: ট্রেন সচল হতে সময় লাগবে ৮-১০ ঘণ্টা

নীলসাগরের বগি লাইনচ্যুত: ট্রেন সচল হতে সময় লাগবে ৮-১০ ঘণ্টা

ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হওয়ার প্রায় সাত ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু হলেও ট্রেন চলাচল সচল হতে আরও ৮-১০ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে আদমদীঘি উপজেলার বাগমারি এলাকায় দুর্ঘটনাস্থলে ঈশ্বরদী জংশন ও পার্বতীপুর থেকে আসা রিলিফ ট্রেন পৌঁছালে উদ্ধার কার্যক্রম শুরু হয়। এর আগে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পৌঁছান।

সেখানে দায়িত্বরত একজন রেলওয়ে কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “মাত্র কাজ শুরু হল। বগিগুলো লাইনে তুলতে তুলতে সারারাত লেগে যেতে পারে। বগি তুলে লাইন ক্লিয়ার করতে করতে হয়ত (বৃহস্পতিবার) সকাল ৯-১০টা বেজে যেতে পারে।”

ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে সকাল পৌনে ৭টায় ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। বেলা ২টার দিকে সান্তাহার জংশন স্টেশনে থামে। সেখান থেকে ট্রেনটি তিলকপুর স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করে।

কিছু সময় পর আদমদীঘি উপজেলার বাগমারি এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইন থেকে বেরিয়ে যায়।

বাংলাদেশ রেলওয়ে-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় ৬৬ জন আহত হয়েছেন। এর মধ্যে নওগাঁ সদর হাসপাতাল-এ ২০ জন চিকিৎসাধীন। ৪০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং ছয় জনকে বগুড়া আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

আবা/এসআর/২৬

নীলসাগর,ট্রেন চলাচল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত