ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরব খাটো করা যাবে না: প্রধানমন্ত্রী

গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরব খাটো করা যাবে না: প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আলোচনা-সমালোচনা ও গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, অতীত ভুলে গেলে চলবে না, আবার অতীত নিয়ে অতিরিক্ত চর্চাও ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়াউর রহমান একটি অনিবার্য নাম। প্রজন্মের পর প্রজন্ম স্বাধীনতার গৌরবগাঁথা নিয়ে আলোচনা ও গবেষণা চলবে, তবে সেই আলোচনায় এমন কিছু বলা উচিত নয় যা স্বাধীনতার মূল ইতিহাসকে খাটো করে।

প্রধানমন্ত্রী আরও বলেন, অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ হয়ে যায়, আর অতীত ভুলে গেলে দুই চোখই অন্ধ হয়ে যায়। গত ১৭ বছরে অতীত নিয়ে অতিরিক্ত নাড়াচাড়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন, যার ফলে দেশের মূল ইতিহাস আড়াল হয়ে গেছে।

তিনি আরও বলেন, দেশের সম্পদ সীমিত হলেও মানুষের আকাঙ্ক্ষা সীমাহীন। তবে সবাই একসঙ্গে কাজ করলে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, বিকেল ৩টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক।

সভায় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী,মুক্তিযুদ্ধের গৌরব,গবেষণা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত