ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

তথ্যমন্ত্রী

জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার 

জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার 

জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১২ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘তথ্য অধিকার ফোরাম’-এর কোর গ্রুপের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হলো জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা। তবে তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি অপতথ্য (মিসইনফরমেশন) ও বিভ্রান্তিকর তথ্যের (ডিসইনফরমেশন) বিস্তার রোধ করে জনগণকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।

জাতীয় সংসদে তথ্য অধিকার আইন সংশোধন অধ্যাদেশ স্থগিত রাখার পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে তথ্যের অবাধ প্রবাহের কারণে অপতথ্যের প্রচারও বৃদ্ধি পাচ্ছে। তাই তথ্য নিশ্চিত করার পাশাপাশি এর দায়িত্বশীল ব্যবহারের বিষয়টিও আমাদের গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

তিনি বলেন, শুধু তথ্যের প্রবাহ বাড়ালেই চলবে না, তথ্য অধিকার আইনের সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের মতামত ও সুপারিশ নিয়ে একটি কার্যকর আইন প্রণয়ন করা হবে।

তথ্যমন্ত্রী বলেন, মোর ইনফরমেশন, মোর ট্রুথ— এজন্য তথ্যের প্রবাহ নিশ্চিত করা খুবই জরুরি। এক্ষেত্রে তথ্য কমিশনের প্রাতিষ্ঠানিক চরিত্র কীভাবে রক্ষা করা যায়, সেটিও আমাদের ঠিক করতে হবে।

মন্ত্রী এ সময় তথ্য অধিকার আইন সংশোধনের লক্ষ্যে উপস্থিত অংশীজনদের কাছ থেকে গঠনমূলক সুপারিশ প্রত্যাশা করেন। পাশাপাশি তথ্যের ‘ফ্যাক্ট চেকিং’ ও ‘স্ক্রিনিং’ প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশ্বস্ত করে বলেন, আইন প্রণয়নের এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব অংশীজনকে যুক্ত করা হবে।

তথ্যমন্ত্রী,তথ্য অধিকার,সরকার,মিসইনফরমেশন,ডিসইনফরমেশন,তথ্য অধিকার আইন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত