অনলাইন সংস্করণ
১৮:২৮, ২৭ মে, ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কৃষিজমি দ্রুত কমে যাচ্ছে, এটা শঙ্কার কথা। আগামী প্রজন্মের জন্য কৃষি জমি বাঁচাতে হবে, নইলে ভবিষ্যতে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে।
বুধবার (২৭ মে) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইক্ষু খামারে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, কৃষি জমি যতটা সম্ভব রক্ষা করতে হবে, কোনোভাবেই নষ্ট করা যাবে না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে জমির অপচয় কমানোর কথাও উল্লেখ করেন।
মির্জা ফখরুল বলেন, শিক্ষার উন্নয়নে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে এবং তার সুফল ইতোমধ্যেই অনেকাংশে দৃশ্যমান হয়েছে। আগামীতে শিক্ষা খাতের উন্নয়ন আরও দৃশ্যমান হলে মানুষ সহজেই তা বুঝতে পারবে।
এ সময় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. মোহাম্মদ ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক রফিকুল হকসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।