ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

কালিহাতীতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কালিহাতীতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সরাগী গ্রামে নিখোঁজের দুই দিন পর তোফাজ্জল হোসেন (৩৬) নামের এক ব্যক্তির মরদেহ বিলে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে তার বাড়ির পাশের সরাগী বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তোফাজ্জল হোসেন সরাগী গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।

এর আগে রোববার রাত ৮টার দিকে ছাগলের খাবার (ভূষি) কেনার জন্য তিনি বাড়ি থেকে বের হন। এরপর সারারাত বাড়িতে না ফেরায় তার স্ত্রী ও পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরদিন সোমবার সকালে তোফাজ্জলের ব্যবসায়িক অংশীদার ফারুক হোসেন তার বাড়িতে গিয়ে জানান, তোফাজ্জলের টর্চলাইট, মোবাইল, ভূষি এবং রক্ত পড়ে আছে পুকুরপাড়ে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল দিনব্যাপী সরাগী গ্রামের তিনটি পুকুরসহ আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পায়নি।

পরদিন মঙ্গলবার বিকেলে সরাগী বিলে তার মরদেহ বস্তাবন্দী অবস্থায় ভেসে ওঠে।

এ বিষয়ে কালিহাতী থানার এসআই আমিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহের বাম চোখে, কপালের বাম পাশে ও ঘাড়ের উপরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মরদেহ উদ্ধার,ব্যবসায়ী,নিখোঁজের ২ দিন,কালিহাতী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত