ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বিমসটেক সম্মেলনে যোগ দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

বিমসটেক সম্মেলনে যোগ দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের জোট বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে।

দিল্লির একাধিক সূত্র এমনই আভাস দিয়েছে।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ৪ অক্টোবর বিমসটেক সচিবালয়ে পাঠানো চিঠিতে ১২ ও ১৩ অক্টোবরের বৈঠকের জন্য বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধিদলের নাম জানায়। ওই তালিকায় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম নেই। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

দিল্লির বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশ ছাড়া বিমসটেকের অন্য ছয় সদস্যদেশ ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটানের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রীরা এতে অংশ নেবেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

বৈঠকে সন্ত্রাসবাদ, মানব পাচার, মাদক পাচার, অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় সদস্যদেশগুলোর সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে। এ ছাড়া আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে বিমসটেকের যাত্রা শুরু হয়। বর্তমানে জোটটির সদস্য বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান। এর সচিবালয় ঢাকায়। ২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশ জোটটির সভাপতির দায়িত্ব গ্রহণ করে।

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল ২০১৮ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত জোটের চতুর্থ শীর্ষ সম্মেলনে। তবে সেই সিদ্ধান্তের আট বছর পর এবারই প্রথম এ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আবা/এসআর/২৬

বিমসটেক,দিল্লি,স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত