
আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দীর্ঘ প্রতীক্ষার এই ভোটকে ঘিরে সারা দেশে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনী প্রচারণায় যেসব প্রার্থী বা ব্যক্তি আলোচনায় ছিলেন, তারা কে কোথায় ভোট দেবেন, তা নিয়ে এক ধরনের কৌতূহল আছে জনমনে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল গুলশান-২-এর মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। তার দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও গুলশান-২ নম্বরের মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। তিনি এবার ঢাকা-১৭ এবং তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি ভোট দেবেন ঢাকার মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্র থেকে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দেবেন বাড্ডার বেরাইদে এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনের এগারো দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য প্রার্থী মামুনুল হক মোহাম্মদপুরের সাত মসজিদ রোডে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজের ২য় ও ৩য় তলায় স্থাপিত ভোটকেন্দ্রে ভোট দেবেন, এ তথ্য দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়া, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইতোমধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।