
সৈয়দপুর বিমানবন্দরে অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটক হওয়ার ঘটনাকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক’ বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমাদের একজন দায়িত্বশীল আজকে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে গিয়েছেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী একটা সাজানো নাটক করেছে। তিনি (আটক জেলা আমির) তার বক্তব্য স্পষ্ট করেছেন যে, আমার ব্যবসার জন্য আমি আসা-যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়। এজন্য তার সাথে কিছু নগত টাকা ছিলো। এটি খবুই স্বাভাবিক।
তিনি আরও বলেন, একজন মানুষ তিনি ব্যবসা করতে পারেন, পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটাকে (টাকা) বহন করতে পারেন। বিমানবন্দরের মতো একটি নিয়ন্ত্রিত এলাকায় যেখানে খুবই সীমিত মানুষের চলাফেরা। সেখানে একটা নাটক সাজানো হয়েছে। তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন অর্থ করার জন্য বলা হচ্ছে, নিউজ করা হচ্ছ। তিনি একজন বয়স্ক মানুষ, ইতিমধ্যে তিনি মানসিক টর্চারের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। এই মুহূর্তে তিনি হাসপাতালে আছেন।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান বলেন, আমারা খুবই দৃঢ়তার সাথে বলতে চাই—বাংলাদশে জামায়াতে ইসলামী তার নীতি নির্ধারণ, কর্মপন্থা, কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে ভূমিকা পালন করে থাকে।
জামায়াতে ইসলামী ও জামায়াত নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য এই ধরণের অপপ্রয়াস আতীতেও হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।