অনলাইন সংস্করণ
১৫:০৪, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘উগ্রবাদী দল’ আখ্যা দিয়ে তাদের উত্থানের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন।
শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর দেশে ফ্যাসিস্ট শাসন ছিল। যখন গণতন্ত্রকে চাপা দেওয়া হয়, কণ্ঠরোধ করা হয়, তখন উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। বাংলাদেশে সেটাই হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, আজ জামায়াতের যে সামান্য উত্থান দেখা যাচ্ছে, তা আওয়ামী লীগের কারণে হয়েছে। তাদের দমন-পীড়নমূলক শাসন, বিরোধী দলকে কার্যক্রম চালাতে না দেওয়া এবং ইনিশিয়েটিভ নিতে না দেওয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, ইতোমধ্যে জনগণ জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি দুই-তৃতীয়াংশেরও বেশি মেজরিটি পেয়েছে। জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও কল্যাণমুখী রাজনীতির মাধ্যমে সব ধরনের অপপ্রবণতাকে রুখে দিতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।