ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ফের রাস্তায় নামার হুঁশিয়ারি সাদিক কায়েমের

ফের রাস্তায় নামার হুঁশিয়ারি সাদিক কায়েমের

জুলাই পরবর্তী বাংলাদেশে সহিংসতা ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। সাম্প্রতিক মারামারি ও হানাহানির রাজনীতি বন্ধ না হলে ছাত্র-জনতা আবারো রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে ৩টি লাশ পড়েছে। শতাধিক হামলার ঘটনা আমরা তালিকাভুক্ত করেছি। অথচ জুলাই বিপ্লব হয়েছিল ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা এখনো সেই একই মারামারি-হানাহানির রাজনীতি দেখতে পাচ্ছি।

তিনি বলেন, যারা নতুন করে দায়িত্ব পেয়েছেন, তাদের অবশ্যই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা আবার রাজপথে নামতে বাধ্য হব। জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে কেউ ছিনিমিনি খেললে তা বরদাশত করা হবে না।

জামায়াতে ইসলামীর আমিরের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার অনেক সুযোগ ছিল, কিন্তু জামায়াত আমির অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং শান্ত থেকে পরিস্থিতি মেনে নিয়েছেন। কিছু জায়গায় ভোট পুনঃগণনা হচ্ছে, সেখানেও তারা আইনি প্রক্রিয়ার ওপর আস্থা রাখছেন।

শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ডাকসু ভিপি বলেন, সারা দেশে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে, যা পুরো জাতিকে হতাশ করেছে। ক্ষমতা দেখিয়ে হল দখল বা হুমকির রাজনীতি আর চলবে না। যারা এসবের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং দ্রুত আইনের আওতায় আনতে হবে।

সবশেষে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেভাবে হুমকির রাজনীতি শুরু হয়েছে তা অপ্রত্যাশিত। আমরা একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম। স্থিতিশীলতার স্বার্থে সরকারকে বিরোধী দলগুলোর সঙ্গে বসে দ্রুত সমাধান বের করতে হবে।

সাদিক কায়েম,হুঁশিয়ারি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত