
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও তিনি একটিই আসন ধরে রাখতে পারবেন।
তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সংক্রান্ত একটি চিঠি তিনি নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছেন। এখন বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করার প্রক্রিয়া চলছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়া সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি। তবে এ সংক্রান্ত গেজেট এখনো হয়নি।
আইন অনুযায়ী, কোনো ব্যক্তি দুটি আসনে নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসন/আসনগুলো লিখিতভাবে ছেড়ে দিতে হবে।
আরপিও অনুযায়ী, ধারা ১৯(১)(খ) কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারবেন। ধারা ১৯(২) যদি কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হন, তবে তাকে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে, তিনি কোন একটি আসন রাখতে চান।
নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং অবশিষ্ট আসন/আসনগুলো শূন্য ঘোষণা করা হবে।