
বিএনপির সংসদ সদস্যরা (এমপি) সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় মন্ত্রীপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবে না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত এমপিরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এনসিপি ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
পোস্টের ফটোকার্ড লেখা রয়েছে, ‘বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় মন্ত্রীপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবে না এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা।’
উল্লেখ্য, মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে শপথ নেন বিএনপির সংসদ সদস্যরা এমপিরা। তবে বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। এসময় সেখানে দলটির চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সালাহউদ্দিন আহমদ সাদা ও নীল রংয়ের দুটি ফরম হাতে নিয়ে বলেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে"।
তিনি আরও বলেন, ‘‘এমন ফরম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি। আশা করি সামনের দিনেও চলবো”।
এরপর সালাহউদ্দিন আহমদ দলীয় সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম”।