
গণভোটের রায় কার্যকর এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
শনিবার (৪ এপ্রিল) বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি পালন করা হবে।
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছিলেন ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি ড. হামিদুর রহমান আজাদ।
ওইদিন তিনি অভিযোগ করেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যার্থতার পরিচয় দিয়েছে। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধু সংশোধনী আনতে চায়।
হামিদুর রহমান আজাদ বলেন, সংবিধান সংশোধন নয়, সংস্কার ই করতে হবে। সংবিধান সংশোধনের মধ্যদিয়ে আওয়ামী লীগের পথেই হাটছে সরকার। জনগণের রায় মূল্যায়ন না করলে, রাজপথে আন্দোলনের বিকল্প নেই।
তিনি আরও বলেন, ১১ দলের আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।
জামায়াতের এই সহকারী সেক্রটারি সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব উত্থাপন এবং জ্বালানি সংকট সমাধানে ব্যার্থতার সমালোচনা করেন। তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী ৭ই এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদি আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে ১১ দল।