
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে গ্রাহকদের উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর চট্টগ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে 'নেট মিটারিং' ব্যবস্থা। গত এক মাসেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দক্ষিণাঞ্চলের অধীন এলাকাগুলোতে ১০০-এর বেশি ব্যক্তি-প্রতিষ্ঠান নেট মিটারিং ব্যবস্থা চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সই করেছেন। নেট মিটারিং ব্যবস্থা সফলভাবে চালুর পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আয়ও করছেন কেউ কেউ। নেট মিটারিংয়ের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিকে উৎসাহিত করতে গত ১ সেপ্টেম্বর বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বিদ্যুৎ বিভাগ। এর আওতায় ১ সেপ্টেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কেউ ছাদভিত্তিক সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে সরকার সেই বিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় কিনে নেবে। ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট উদ্যোক্তাকে এই দাম পরিশোধ করা হবে। এতে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করেই সোলার স্থাপন খরচ তোলা সম্ভব হবে।পিডিবির কর্মকর্তারা বলছেন— দেশে নেট মিটারিং ধারণা নতুন নয়। বড় কয়েকটি প্রতিষ্ঠানে এই ব্যবস্থা চালু ছিল। তবে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর এটি দ্রুত জনপ্রিয় হচ্ছে। অনেক বড় বড় শিল্প-কারখানা, সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বাসা-বাড়ির মালিকরা তাদের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছেন। তীব্র বিদ্যুৎ সংকটে এটি আশার আলো দেখাবে।