ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

চবি উপাচার্যকে কীর্তিমান সম্মাননা প্রদান

চবি উপাচার্যকে কীর্তিমান সম্মাননা প্রদান

শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানকে কীর্তিমান সম্মাননা প্রদান করেছে হাটহাজারীর ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠী। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় হাটহাজারীর ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি অফিস প্রাঙ্গণে ঐকতান সাংস্কৃতিক উৎসব ও কীর্তিমান সম্মাননা-২০২৬ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিটি জাতি ও দেশের জন্য সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাংস্কৃতিক আগ্রাসনের ধরন যখন পরিবর্তিত হয়েছে, তখন আমাদেরও নিজেদের সংস্কৃতিকে নতুনভাবে ধারণ করতে হবে। এর জন্য প্রয়োজন নিয়মিত সাংস্কৃতিক চর্চা, অনুপ্রেরণা এবং পৃষ্ঠপোষকতা। কারণ, কোনো শিল্প বা সংস্কৃতিই যথাযথ পৃষ্ঠপোষকতা ছাড়া বিকশিত হতে পারে না। সবাইকে ধন্যবাদ জানান তিনি। বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা যে নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে আমাদের সমাজে সংস্কৃতির চর্চা এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশকে বাঁচিয়ে রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংগীত, নৃত্য ও সংস্কৃতিচর্চা মানুষের মননশীলতা বিকাশের পাশাপাশি একটি সুন্দর, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনাদের এই আয়োজন সেই চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশাবাদী। সবাইকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী আবিদা সুলতানা ও রফিকুল আলম, হাটহাজারী উপজেলা ইউএনও আবদুল্লাহ আল মুমিন, যিশু বণিক, কল্যাণ পাল, বিপ্লব পাল এবং স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী সিদ্দিক হোসেন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি তড়িৎ দাশ এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও সাতজনকে কীর্তিমান সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী সার্কেল এএসপি তারেক আজিজ, আমন্ত্রিত অতিথিরা, সংগঠনের নেতারা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত