ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর

ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ছয় দফা দাবি আদায়ে নতুন করে আন্দোলনে নেমেছেন ভোলাবাসী। দাবিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে শুরু হয়েছে গণস্বাক্ষর কর্মসূচি। গতকাল শনিবার বেলা ১১টায় ভোলা প্রেসক্লাব চত্বরে 'আমরা ভোলাবাসী' সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনটির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর।

গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তারা বলেন, ভোলার প্রাকৃতিক গ্যাসের প্রথম অধিকার এ জেলার মানুষের। তাই ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করার পাশাপাশি ভোলার গ্যাস দিয়ে স্থানীয়ভাবে শিল্পকারখানা গড়ে তুলতে হবে। একই সঙ্গে ভোলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। এসব সুবিধা ভোলার মানুষের চাহিদা পূরণের পর বাণিজ্যিকভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া যেতে পারে।

বক্তারা আরও বলেন, ভোলা-বরিশাল সেতু শুধু ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন নয়, এটি দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ শুরু না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সংগঠনটির সদস্যসচিব মীর মোশারেফ অমি বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা, ভোলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন, ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে গ্যাস চুক্তি বাতিলসহ ছয় দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। এসব দাবিতে এর আগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ, মশাল মিছিল, গণসংযোগ ও অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও দাবিগুলোর দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই নতুন করে গণস্বাক্ষর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংগৃহীত স্বাক্ষর প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়ে ভোলার মানুষের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হবে। এসময় উপস্থিত ছিলেন, নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন, জেলা বিএনপি সদস্য সচিব রাইসুল আলম, বিএনপির নেতা আমিনুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, মোবাশ্বের হক নাঈমপ্রমুখসহ আমরা ভোলাবাসী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত