ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মেঘনায় সিমেন্টবোঝাই কার্গো ডুবি

মেঘনায় সিমেন্টবোঝাই কার্গো ডুবি

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে এমভি টিটু-৫৪ নামের একটি জাহাজের ধাক্কায় এমভি সৌমি-১ নামের আরেকটি সিমেন্ট বোঝায় মালবাহী কার্গো ডুবে গেছে। এতে এমভি সৌমি-১ জাহাজে থাকা প্রায় ৭০ লাখ টাকার সিমেন্ট নষ্টসহ প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জাহাজের মালিকের দাবি করেছেন। গতকাল শনিবার দুপুরে দৌলতখান মাছঘাট-সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ডুবে যাওয়া জাহাজের মাস্টার আমিনুল ইসলাম দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে গত শুক্রবার দুপুরে দৌলতখানের মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়ে এমভি সৌমি-১। পরে শনিবার দুপুর ১২টায় বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ নামের অপর একটি জাহাজ সৌমি-১-কে সজোরে ধাক্কা দেয়। এতে সৌমি-১ জাহাজের তলা ফেটে গিয়ে জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা নাবিকেরা স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার হন। ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার আমিনুল হক জানান, আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ জাহাজটি ধাক্কা দেওয়ার আগে তারা বারবার ভিএইচএফ মেরিন রেডিওতে সতর্ক করছিলেন যে, জাহাজের সঙ্গে জাহাজ লেগে যাচ্ছে। কিন্তু এমভি টিটু-৫৪ জাহাজ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। জাহাজে থাকা সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এতে তাদের ৭০ লাখ ৫৬ হাজার টাকার মালামালের ক্ষতি হয়েছে।

দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান বলেন, সৌমি-১ নামের জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত