
গোপালগঞ্জে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে স্কুল ছাত্রের প্রাণ নিল আরেক স্কুলছাত্র। র্যাকেট দিয়ে পিটিয়ে ও র্যাকেটের রড ঢুকিয়ে স্কুলছাত্র ইয়াছিন শেখকে (১২) হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাটি গ্রামের বড়বাড়ির পাশের বালুর মাঠে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টার দিকে ওই শিক্ষার্থী মারা যায়। সেখানে পোস্টমর্টেম শেষে গতকাল বুধবার গ্রামের বাড়িতে ইয়াছিনের লাশ আসবে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার ইয়াছিন বরইহাটি বড়বাড়ি গ্রামের আশরাফ আলী শেখের ছেলে ও বরইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিযুক্ত রিফাত শেখ একই গ্রামের জামাল শেখের ছেলে ও বরইহাটি আইডিয়াল হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রিফাত শেখসহ চারজন ব্যাডমিন্টন খেলছিল। পাশে বসে ইয়াছিনসহ ৩-৪ জন বাডমিন্টন খেলা দেখছিল। খেলায় রিফাত শেখ হেরে যায়। রাত সাড়ে ৮টার দিকে ইয়াছিনের নতুন স্যান্ডেলে ধুলাবালি ছিটিয়ে দেয়। এতে ইয়াছিন ক্ষীপ্ত হয়ে রিফাতকে ঘুষি মারে। এক পর্যায়ে রিফাতের হাতে থাকা র্যাকেট দিয়ে তাকে আঘাত করে।
র্যাকেট ভেঙে গেলে র্যাকেটের রড দিয়ে কোপ দেয়। র্যাকেটের রড কানের নিচ দিয়ে ভেদ করে ঘার দিয়ে বের হয়ে যায়।
এতে ইয়াসিন মারাত্মক আহত হয়। প্রথমে তাকে মাদারীপুর উপজেলার রাজৈর হাসাপাতালে নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুর পরে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। প্রচণ্ড রক্তক্ষরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টার দিকে ইয়াছিনের মৃত্যু হয়।