
শরীয়তপুরে যৌথবাহিনির অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার ও রাব্বি মোড়ল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় শরীয়তপুর জেলা স্টেডিয়ামের আর্মি ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনীর সদস্যরা। অভিযানে ওই বাড়ি থেকে একটি শর্টগান, ৭১ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুইটি একে-২২ বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি, দুইটি আইফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ডেগার, বিদেশি মদের বোতল, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ডসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। তল্লাশিকালে মন্টু তালুকদারের স্ত্রী ও সাবেক ছাত্রদল নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়। অপরদিকে একই দিন রাতে নড়িয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর অনন্যর নেতৃত্বে মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবর কান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ রাব্বি মোড়ল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এছাড়াও ডামুড্যা এলাকায় অভিযান চালিয়ে ইলেকট্রিকশক মেশিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্রসস্ত্রসহ আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।