ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

পার্লার থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী আটক

পার্লার থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী আটক

নারায়ণগঞ্জে নিখোঁজের ৯ দিন পর বিউটি পার্লারের ভেতর থেকে পার্লারটির মালিক কামরুন নাহার ইতির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকালে শহরের আমলাপাড়া এলাকায় পরী বিউটি পার্লারের ভেতর থেকে পুলিশ ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে আটক করেছে পুলিশ।

আটক আনোয়ার হোসেন সেন্টু শহরের মাসদাইর এলাকার ইলিয়াস সরদারের ছেলে। তিনি তার স্ত্রীকে নিয়ে মাসদাইর এলাকায় বসবাস করতেন। তাদের সংসারে তানভীর নামে ১২ বছরের একটি শিশু রয়েছে।

নিহত কামরুন নাহার ইতির বোন লাকী বলেন, গত ২৮ জানুয়ারি থেকে ইতি নিখোঁজ ছিল। গতকাল শুক্রবার দুপুরে পার্লারটি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে বাড়ির মালিক পুলিশ ও আমাদের খবর দেয়। পরে আমরা পুলিশ নিয়ে পার্লারের দরজার তালা ভেঙে টয়লেটের ভেতরে ইতির লাশ দেখতে পাই।

তিনি আরও বলেন, ইতির স্বামী আনোয়ার হোসেন সেন্টু নেশাগ্রস্ত ছিলেন। কয়েকদিন পরপরই ইতিকে অনেক মারধর করতো। কিছুদিন আগেও তাকে মারধর করে হাত ভেঙে দিয়েছিল। মারধর খেয়েও আমার বোন সংসার ছেড়ে যায়নি। কিন্তু শেষ পর্যন্ত আর তার সংসার করা হলো না। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) দেলোয়ার জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি পঁচে যাওয়ায় সিআইডি’র ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহ করে। নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, লাশটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য আমরা সর্বোচ্চ তদন্তের মাধ্যমে কাজ করছি। লাশটি কয়েকদিন আগের হওয়ায় প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত