
তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার পৃথক সময়ে এসব হতাহতের ঘটনা ঘটে।
পীরগঞ্জ (রংপুর) : রংপুর বগুড়া মহাসড়কের পীরগঞ্জের বড়দরগাহতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে গতকাল শুক্রবার সকালে।
পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন বড়দরগাহর সন্নিকটে পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে বগুড়া টু রংপুরগামী মহাসড়কের রংপুর মুখী লেনে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৩২৮৩) অন্য একটি অজ্ঞাতনামা ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ ধুমরে মুচড়ে রাস্তায় বিকল অবস্থায় পড়ে থাকে। এ সময় পেছন থেকে একটি যাত্রীবাহী কোচ হানিফ পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-২১২০) দ্রুত গতিতে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে কোচটির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এতে কোচযাত্রী গাজীপুর জেলার গাছা থানার কলমেম্বর গ্রামের সেলিম হোসেনের স্ত্রী রাহিমা আক্তার মুন্নি ঘটনাস্থলেই মারা যান। রংপুর জেলার কাউনিয়া থানার নাজিরদহ গ্রামের আবু বক্করের ছেলে আ. রাজ্জাককে পীরগঞ্জ উপজেলা মেডিকেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আরও ১০ জন যাত্রী আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে ভূঁইয়াগাঁতী-নিমগাছীগামী আঞ্চলিক সড়কের খৈচালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তাড়াশ উপজেলার কুমারলু গ্রামের জালাল উদ্দিন ও তার স্ত্রী মনোয়ারা বেগম। রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, গতকাল শুক্রবার সকালে উল্লিখিত স্থানে একটি অটোভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই ওই স্বামী স্ত্রী নিহত হয় এবং ৪ যাত্রী গুরুতর আহত হয়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং আহতদের আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরায় বেপরোয়া গতিতে সড়কের মোড় অতিক্রম করতে গিয়ে যাত্রীবাহী একটি সিএনজি দুর্ঘটনার কবলে পড়ে পপি রানী পাল নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় ওই নারীর স্বামী কৃষ্ণ পাল আহত হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় ঢাকা-শরীয়তপুর মহাসড়কে জাজিরা পৌরসভার দক্ষিণ ডুবলদিয়া কাজি কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতু এলাকা থেকে শিশুসহ ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি গাড়ি শরীয়তপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে জাজিরা উপজেলার কাজি কান্দি এলাকার মোল্যা বাড়ি মোড়ে বেপরোয়া গতির সিএনজিটি পৌছলে অপর একটি গাড়িকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বাঁশঝাড়ের মধ্যে চলে যায়। এতে পপি রাণী ও তার স্বামী কৃষ্ণ পাল মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পপি রানী পালকে মৃত ঘোষণা করেন। নিহত পপি রানী পাল শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পরেশ চন্দ্র পালের মেয়ে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, সিএনজি গাড়িটি অতিরিক্ত গতিতে ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বাঁশঝাড়ের মধ্যে চলে যায়। এ সময় ওই সিএনজিতে থাকা এক মহিলা যাত্রী মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।