
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার প্রত্যয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘সম্প্রীতির পদচারণা’ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসন, সু-শাসনের জন্য নাগরিক (সুজন), পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াই পিএফজি) যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন- খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব আরিফুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন- একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহিংসতা পরিহার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্র আরও শক্তিশালী ভিত্তি পাবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ?সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। ইউএনও সানজিদা রহমান তার বক্তব্যে বলেন, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের গুজব, উত্তেজনা ও সহিংসতা থেকে সবাইকে দূরে থাকতে হবে। প্রশাসনের কড়া নজরদারির পাশাপাশি সাধারণ মানুষের দায়িত্বশীল সহযোগিতা পারে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সুজন সভাপতি ও পিএফজি কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, সুজন সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদার, পিএফজির আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ আখতারুজ্জামান এবং পিএফজি অ্যাম্বাসেডর মমতা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন- হাবিবুর রহমান শাহীন, উবায়দুল্লাহ রুমি, হাবিবুর রহমান হাবিব এবং ইয়ুথ পিএফজি সদস্য ইশতিয়াক আহমেদ ইশহাক, তানভীর আহমেদ ও শামীম মিয়াসহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতারা। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
এ সময় অংশগ্রহণকারীরা পথচারী ও ব্যবসায়ীদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন এবং নির্বাচনি আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।