
বাংলাদেশের মানুষ গত পাঁচ দশকের বেশি সময় ধরে একই শাসনের পুনরাবৃত্তি দেখেছে, কিন্তু কল্যাণ পায়নি বলে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন- গত ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।
দেশের উন্নয়নে তারা ব্যর্থ হয়েছে। আবার তাদের ভোট দিলে একইভাবে দুর্নীতি ও লুটপাট চলবে। দেশের জন্য নতুন করে উন্নয়নের গল্প নয়, দরকার সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব।
গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা নেছার উদ্দিন নাছিরির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় উপস্থিত ছিলেন- মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ আজাদী, মুফতি মোস্তাকুন্নবী, মুফতি তৌহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের প্রার্থী মাওলানা জসিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী মাওলানা গাজী নিয়াজুল কারীম এবং মুফতি রেজাউল ইসলাম আবরারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট ভাঙার প্রসঙ্গে তিনি বলেন, আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ইসলাম পন্থিদের নিয়ে ‘এক বাক্স নীতির ভিত্তিতে পাঁচ দল গঠিত হয়েছিল, যা পরে ১১ দলে রূপ নেয়। কিন্তু ক্ষমতায় যাওয়ার লোভে জামায়াতে ইসলামীর নেতৃত্ব ইসলামী শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে সরে যাওয়ায় মতবিরোধ তৈরি হয়।
‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ এই নীতিতে অবিচল না থাকায় আমাদের আস্থাহীনতা সৃষ্টি হয়েছে।
তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে ২৬৮টি আসনে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়াারির নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘোষিত ইশতেহারের অন্যতম অঙ্গীকার হলো রাষ্ট্র পরিচালনার সর্বস্তরে শরিয়াহর প্রাধান্য নিশ্চিত করা এবং মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।