ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সেনাবাহিনী ও পুলিশের অভিযানে ৪০ রাউন্ড গুলি উদ্ধার

সেনাবাহিনী ও পুলিশের অভিযানে ৪০ রাউন্ড গুলি উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সামরিক মানের ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত রোববার দিবাগত রাত ১০টার দিকে বোয়ালমারী উপজেলার কালিয়ান্ড এলাকার একটি দোকানের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ। সেনা সূত্রে জানা যায়, একজন বেসামরিক ব্যক্তি সন্দেহজনকভাবে পড়ে থাকা গুলির প্যাকেট দেখতে পেয়ে স্থানীয় পুলিশকে অবহিত করেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বোয়ালমারী আর্মি ক্যাম্প স্থানীয় পুলিশের সহযোগিতায় দ্রুত যৌথ অভিযান পরিচালনা করে এবং ঘটনাস্থল থেকে ৩৯ মিমি ক্যালিবারের গুলির দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ২০ রাউন্ড করে মোট ৪০ রাউন্ড অ্যামোনিশন। উদ্ধারকৃত গুলিগুলো সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত মানের হওয়ায় এর উৎস ও উদ্দেশ নিয়ে তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এগুলো ২০২৪ সালের ৫ আগস্ট কোনো একটি পুলিশ স্টেশন থেকে হারানো বা লুট হওয়া গোলাবারুদের অংশ হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। ঘটনার পরপরই এলাকাটি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে যাতে আতঙ্ক না ছড়ায়, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হয়। কীভাবে এবং কারা এই গোলাবারুদ সেখানে ফেলে গেছে, বিষয়টি উদ্?ঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এলাকাবাসী জানায়, খোলা জায়গায় এ ধরনের সামরিক গুলি ফেলে যাওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে সংগঠিত চক্র বা বড় কোনো পরিকল্পনা থাকতে পারে। আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোথাও সন্দেহজনক বস্তু বা কার্যকলাপ নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশ বা নিকটস্থ সেনা ক্যাম্পে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান হয়েছে।

এ ছাড়া উদ্ধারকৃত গোলাবারুদগুলো আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত হওয়ায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন বলে জানান হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত