ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

‘আমার জন্ম হয়েছে এ দেশের উন্নয়নের জন্য’

‘আমার জন্ম হয়েছে এ দেশের উন্নয়নের জন্য’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমার বেঁচে থাকার কথা ছিল না, আমাকে গুম করা হয়েছিলো হত্যার উদ্দেশে। আপনারা দোয়া করেছেন, রাব্বুলামীন আপনাদের মোনাজাত শুনেছেন এবং আমাকে বাঁচিয়ে রেখে নতুন জীবন দিয়েছেন। আমার এই নতুন জীবন, আমার এই আমার এই বর্ধিত হায়াত এদেশের মানুষের সেবা করার জন্য। আমার জন্ম হয়েছে এদেশের উন্নয়নের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য।’ গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌর এলাকার বাস টার্মিনাল চত্বরে আয়োজিত শেষ নির্বাচনি জনসভায় তিনি এই মন্তব্য করেন।

কক্সবাজার-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমাদের সন্তানেরা রক্ত দিয়ে শহিদ হয়েছেন একটি বৈষম্যমুক্ত রাষ্ট্রের জন্য, গণতান্ত্রিক সংস্কারের জন্য। সে স্বপ্ন বাস্তবায়নে আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য আর কোনো মানুষকে জীবন দিতে হবে না।’ ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, ‘বিএনপির ইতিহাস এদেশের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস, বারেবারে গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। আগামী ১২ তারিখ আপনারা সবাই নির্ভয়ে ধানের শীষে ভোট দিবেন, ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না। ইনশাআল্লাহ জনগণের বিজয় হবে কারণ বিএনপির সরকার, জনগণের সরকার।’

শেষ জনসভায় চকরিয়া ও পেকুয়ার প্রতিটি ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে উঠে সভাস্থল, সংশ্লিষ্টদের ধারণা এতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে। চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী হাসিনা আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত