ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপির জনসভায় আসার পথে কর্মীর মৃত্যু

বিএনপির জনসভায় আসার পথে কর্মীর মৃত্যু

পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর মির্জাগঞ্জের এক জনসভায় যোগ দিতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. কাওসার (৫০) নামে এক তৃণমূল নেতার মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

?নিহত কাওসার উপজেলার ৫নং কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ গাবুয়া এলাকার মৃত আকরাম আলী হাওলাদারের ছেলে। তিনি ওই ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দলীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকালে উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দিতে এসেছিলেন কাওসার। সমাবেশ চলাকালীন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাঁকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দলের প্রতি কাওসার অত্যন্ত নিবেদিতপ্রাণ ছিলেন। জনসভায় অংশ নিতে এসেই তিনি না ফেরার দেশে চলে গেলেন। কাওসারের আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাহাবুদ্দিন নান্নুসহ অঙ্গ-সংগঠনের নেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত