
দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দাউদকান্দি উপজেলার সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত এমপি ড.খন্দকার মোশাররফ হোসেন। তিনি গতকাল বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিয়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। ড. মোশাররফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনারা জনগণের সেবক। সেবার মনোভাব নিয়ে জনকল্যাণে প্রতিটি কাজসম্পন্ন করতে হবে। জনগণের সেবাধর্মী কর্মকাণ্ডে সরকারি কর্মকর্তাদের ইচ্ছাকৃত কোন প্রকার শৈথিল্য প্রদর্শন কিংবা অনিয়ম কিছুতেই বরদাশত করা হবে না। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি কঠোর হস্তে দমন করতে হবে। এই বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স নীতি। অপরাধী তো অপরাধীই। তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। সে যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। ড. মোশাররফ গত ১৬ দিনের প্রধানমন্ত্রীর দৈনন্দিন কার্যক্রম ও গণমুখী ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই আগামী দিনে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। জনগণের সহযোগিতা এবং সর্বোপরি আপনাদের ত্যাগ ও পরিশ্রমে আগামী ৫ বছরে বিএনপির ইশতেহার তথা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এই জাতির স্বপ্নপূরণ হবে। দারিদ্র্যমুক্ত উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে।